শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে রাজধানীর সচিবালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর আড়াইটায় মিছিলসহ সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা। বিকেল পৌনে ৪টার দিকে তারা মূল ফটক অতিক্রম করে সচিবালয়ের ভেতরে প্রবেশ করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা ৭ ও ৮ নম্বর ভবনের সামনে গাড়ি ভাঙচুর করলে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বিক্ষোভের ফলে সচিবালয়ের প্রবেশপথ বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, রাত ৩টায় পরীক্ষা স্থগিতের ঘোষণায় তারা ক্ষুব্ধ হয়ে পদত্যাগ দাবি করছেন।
এ সময় ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ ধানমন্ডি, মগবাজার ও মিরপুরের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন।



মন্তব্য করুন