উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন সপ্তম শ্রেণির শিক্ষার্থী জারিফ ফারহান (১৩) শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যুবরণ করেছে। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল এবং শ্বাসনালির মারাত্মক ক্ষতির কারণে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানি দাঁড়িয়েছে ৩৪ জনে, যাদের অধিকাংশই শিশু শিক্ষার্থী।
জানা গেছে, গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। জারিফ প্রতিদিন মায়ের সঙ্গে স্কুলে যেত এবং ঘটনার দিনও স্বাভাবিকভাবেই স্কুলে গিয়েছিল। দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনাবিদরা প্রশ্ন তুলেছেন—‘ফ্লাইং জোনে’ কীভাবে একটি স্কুল স্থাপন করা হলো। ঘটনায় এখনও বেশ কয়েকজন শিক্ষার্থী সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।



মন্তব্য করুন