গাইবান্ধার সাঘাটা থানায় পুলিশের ধাওয়ায় পুকুরে ঝাঁপ দেওয়া শিবিরকর্মী সিজু মিয়ার (২৬) মৃত্যু নিয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে থানা চত্বরে অস্ত্র ছিনতাইয়ের অভিযোগে পুলিশ তাকে ধাওয়া করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুকুরে লাফ দেওয়ার পরও সিজুকে পিটিয়ে হত্যা করা হয়।
পরে শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সিজুর লাশ উদ্ধার করে। শরীরে তখনও রক্তের চিহ্ন ছিল। স্বজনদের অভিযোগ, ঘটনাটি ছিল ‘পরিকল্পিত হত্যা’।
এই ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিবাদ শুরু হয়। শনিবার বিক্ষোভ, সড়ক অবরোধ এবং মানববন্ধনের পর আজ রোববার (২৭ জুলাই) সাঘাটায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
বক্তারা পুলিশি নির্যাতনের নিন্দা জানিয়ে বলেন, সিজুকে আইনগত প্রক্রিয়ায় বিচার না করে বর্বরভাবে হত্যা করা হয়েছে। তারা সাঘাটা থানার ওসি বাদশা আলমসহ জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনাটি স্থানীয় রাজনীতি এবং প্রশাসনের ওপর নতুন করে চাপ তৈরি করেছে। এ বিষয়ে এখনও পুলিশ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।



মন্তব্য করুন