আসিয়ান (ASEAN)-এ বাংলাদেশের সদস্যপদ অর্জনে মালয়েশিয়ার আনুষ্ঠানিক সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা ও পিপলস জাস্টিস পার্টির সহ-সভাপতি নুরুল ইজ্জাহ আনোয়ারের সঙ্গে সাক্ষাতে তিনি এই আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “আমরা আসিয়ানের অংশ হতে চাই এবং এজন্য মালয়েশিয়ার সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আশা প্রকাশ করেন, আসিয়ানের বর্তমান সভাপতির দায়িত্বে থাকা মালয়েশিয়া বাংলাদেশকে প্রথমে খাতভিত্তিক সংলাপের অংশীদার এবং পরবর্তীতে পূর্ণ সদস্য করতে কার্যকর ভূমিকা পালন করবে।
আলোচনায় বাংলাদেশে চলমান রাজনৈতিক সংস্কার, অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম, এবং জুলাই বিদ্রোহে তরুণদের ভূমিকা নিয়েও কথা বলেন তিনি। একইসঙ্গে, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হতে মালয়েশিয়ার কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান অধ্যাপক ইউনূস।
এসময় মাইলস্টোন স্কুলে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন নুরুল ইজ্জাহ। সাক্ষাৎ শেষে দু’দেশের অর্থনৈতিক সম্ভাবনা ও যুবসমাজের গুরুত্ব নিয়েও আলোচনা হয়।



মন্তব্য করুন