জামালপুরে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত পথসভায় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “গণ-অভ্যুত্থান না হলে আজ নির্বাচন নিয়ে স্বপ্ন দেখার সুযোগই থাকত না। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পরিবর্তনের ধারায় আমরা এই বাস্তবতা তৈরি করেছি।” তিনি আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’ জারির দাবি জানিয়ে বলেন, “শুধু নির্বাচন নয়, আমাদের দরকার বিচার, সংস্কার ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা।”

সোমবার (২৮ জুলাই) দুপুরে জামালপুর শহরের তমালতলা থেকে পদযাত্রা শুরু হয়ে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়। পরে পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান। বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পথসভা শেষে নেতৃবৃন্দ ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করেন।