পিরোজপুরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মহিলা কলেজে জাল সনদ ব্যবহার করে সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়ালের স্ত্রী লায়লা পারভীনকে প্রভাষক পদে নিয়োগ দেওয়ার অভিযোগে কলেজের অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদারকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৮ জুলাই) দুপুরে তিনি জামিন নিতে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের দায়ের করা মামলার বরাত দিয়ে জানা যায়, পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল, তার স্ত্রী লায়লা পারভীন এবং কলেজের অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদারের বিরুদ্ধে জাল সনদ দিয়ে নিয়োগ ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হয়।

দুদকের পিরোজপুর কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন সম্রাটের দায়ের করা মামলায় বলা হয়, ২০১০ সালে প্রতিষ্ঠিত ওই কলেজে ২০১৩ সালে পাস কোর্স চালু হয় এবং ২০১৮ সালে এটি সরকারীকরণ করা হয়। গভর্নিং বডির সভাপতি হিসেবে একেএমএ আউয়াল এবং দাতা সদস্য হিসেবে লায়লা পারভীন প্রভাব খাটিয়ে ভুয়া শিক্ষাগত সনদের মাধ্যমে ২০১৩ সালের ২২ ডিসেম্বর ইসলাম শিক্ষা বিষয়ে প্রভাষক পদে লায়লা পারভীনকে নিয়োগ দেন।

পরবর্তীতে তিনি সোনালী ব্যাংকের নাজিরপুর শাখা থেকে ২০১৮ সালের ৮ আগস্ট থেকে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত মোট ৩ লাখ ৯৫ হাজার ৪০৬ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন বলে মামলায় উল্লেখ রয়েছে।

এই মামলায় আগে থেকে হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন অধ্যক্ষ ঠাকুর চাঁদ। তবে জামিনের মেয়াদ শেষ হলে নিয়ম অনুযায়ী জেলা আদালতে নতুন জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।