ঢাকার গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদা নিতে গিয়ে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার একটি চেক উদ্ধার করেছে পুলিশ।

রিমান্ডে থাকা রিয়াদের জবানবন্দির ভিত্তিতে রাজধানীর নাখালপাড়ায় তার বাসায় অভিযান চালিয়ে চেকটি উদ্ধার করা হয়, যা আগামী ২ আগস্ট নগদায়নের জন্য নির্ধারিত ছিল।

বুধবার (৩০ জুলাই) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ চেক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় একটি নতুন মামলার প্রস্তুতি চলছে।

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার পাঁচজন হলেন—আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫), ইব্রাহীম হোসেন মুন্না (২৪), মো. সাকাদাউন সিয়াম (২২), সাদমান সাদাব (২১) এবং আমিনুল ইসলাম (১৩)। এদের মধ্যে রিয়াদ সংগঠনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক আহ্বায়ক এবং ইব্রাহীম ছিলেন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক।

মামলার বিবরণ অনুযায়ী, ১৭ জুলাই ও ২৬ জুলাই গুলশানের একটি বাসায় গিয়ে ভয়ভীতি দেখিয়ে তারা ৫০ লাখ টাকা আদায় করেন এবং আরও ৪০ লাখ টাকার জন্য চাপ দিতে থাকেন। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের কেন্দ্রীয় কমিটি ব্যতীত দেশের সব ইউনিট স্থগিত ঘোষণা করেছে।

এ ঘটনায় গ্রেপ্তার চারজনকে আদালত ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন।