বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সতর্ক করে বলেছেন, আমরা যদি এখন ঐক্যবদ্ধ না হই ও সচেতন না থাকি, তবে আরেকটি এক-এগারোর মতো পরিস্থিতি তৈরি হওয়া অস্বাভাবিক হবে না।

৩১ জুলাই (বৃহস্পতিবার) এক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “বিভিন্ন ঘটনা ঘটছে, যেগুলোর ইঙ্গিত ইতিবাচক নয়। নির্বাচনের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে।” তিনি ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান এবং বলেন, “আর দেরি হলে আন্তর্জাতিকভাবে সম্মান হারাতে পারে বাংলাদেশ, এমনকি ড. ইউনূসের সম্মানও ক্ষুণ্ন হতে পারে।”

তিনি আরও অভিযোগ করেন, দেশে রাজনৈতিক ঐক্যের জায়গাটি এখন ব্যক্তিগত স্বার্থে রূপ নিচ্ছে। “জুলাইয়ের চেতনা থেকে বাংলাদেশ দূরে সরে গেছে,”— মন্তব্য করে তরুণ প্রজন্মের চাঁদাবাজি প্রসঙ্গও তুলে ধরেন।

সরকারের সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “সংস্কারের প্রয়োজন ছিল, কিন্তু সরকার অলীক ধারণা চাপিয়ে দিচ্ছে, যেমন—পিআর (প্রতিনিধিত্বমূলক অনুপাত), যা সাধারণ মানুষ বোঝেই না।”