কক্সবাজারের রামু উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছে, যার মধ্যে দুজন শিশু। শনিবার (২ আগস্ট) দুপুর পৌনে ২টায় রশিদনগর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশা চালক হাবিব উল্লাহ (৫০), যাত্রী রেনু আরা (৪৫), তার বোন আসমা আরা (১৩), এবং রেনু আরার দুই শিশু পুত্র—আশেক উল্লাহ (৩) ও আতা উল্লাহ (১ বছর ৬ মাস)। দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষোভে রেললাইন অবরোধ করলে প্রশাসনের আশ্বাসে তা তুলে নেওয়া হয়।

রামু থানার ওসি তৈয়বুর রহমান জানান, অটোরিকশাটি রেলক্রসিং পার হওয়ার সময় কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায় এবং কিছুদূর পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান, পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে কোনো গেটম্যান ছিল না; সেখানে নিজ দায়িত্বে পারাপারের নির্দেশনাসংবলিত সাইনবোর্ড ছিল। তদন্তে ঘটনাটি খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে।