সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত ভয়াবহ সহিংস হামলায় ১৫ পুলিশ সদস্য নিহতের এক বছর পার হলেও মামলার তদন্ত এখনো চূড়ান্ত হয়নি। ২০২৪ সালের ৪ আগস্ট ঘটে যাওয়া এ ঘটনায় মামলাটি দায়ের হয় ২৭ আগস্ট। এনায়েতপুর থানার এসআই আব্দুল মালেক দায়েরকৃত এজাহারে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নামোল্লেখ করে ৫-৬ হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

হামলাকারীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে থানায় হামলা চালায়, পুলিশের কোয়ার্টার ও ওসির বাসভবনে অগ্নিসংযোগ করে, এবং সাত পুলিশকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এরপর অস্ত্রাগার ভেঙে সরকারি আগ্নেয়াস্ত্র লুট করে গুলি চালিয়ে আরও ৮ পুলিশকে হত্যা করা হয়। নারী কনস্টেবল রেহেনা পারভীন শারীরিকভাবে লাঞ্ছিত হন।

তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, ময়নাতদন্ত ও সিআইডির রিপোর্ট না আসায় তদন্ত সম্পন্ন করা যাচ্ছে না। মামলাটিতে ইতোমধ্যে তিনজন তদন্ত কর্মকর্তা পরিবর্তিত হয়েছেন। এ ঘটনায় সিরাজগঞ্জে মোট ৯টি মামলা হয়েছে, যার মধ্যে ৬৭২ জন এজাহারভুক্ত ও প্রায় ৫-৬ হাজার অজ্ঞাত আসামি রয়েছেন। গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের অন্তত ১৬৩ জন নেতাকর্মী।

এমন এক নৃশংস ঘটনায় বিচার প্রক্রিয়ার ধীরগতি নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসন ও জনমনে।