বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের সময়সূচি ঘোষণা করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির প্রত্যাশা পূরণ করেছেন। ৫ আগস্ট রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রতিক্রিয়ায় তিনি জানান, এই ঘোষণায় ভোটাধিকার প্রয়োগের দ্বিধা দূর হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে।

তিনি বলেন, “নির্বাচন নিয়ে জাতি অপেক্ষায় ছিল, আজ সে অপেক্ষার অবসান হলো।” সালাহউদ্দিন আরও আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত।

উল্লেখ্য, ওই রাতেই জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির আগে, রমজানের পূর্বে, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ লক্ষ্যে নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলা হবে। তিনি এটিকে অন্তর্বর্তী সরকারের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়’ হিসেবে উল্লেখ করেন।