গত ১৪ অক্টোবর রবিবার পদ্মা সেতু রেল সংযোগ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শিবচরে ইলিয়াছ আহম্মেদ ফেরি ঘাটে অনুষ্ঠিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখতে গিয়েছিলেন আংগারিয়া ইউনিয়নের সিংগারিয়া গ্রামের আওয়ামীলীগ প্রেমিক আঃ গনি খান। সভা শেষ করে বাড়ি ফেরার সময় আব্দুল গনি খান (৭০) সড়ক দুর্ঘটনায় নিহত হন।
এ ব্যাপারে আংগারিয়া ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য আনোয়ার হোসেন হাওলাদার বলেন, আব্দুল গনি খান আওয়ামীলীগের একজন ভক্ত ছিলেন, ভালবাসতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা বাংলাদেশের উন্নয়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। জননেত্রীকে ভালবেসে তাকে এক নজর দেখতে শিবচর জনসভায় গিয়েছিলেন। জনসভা শেষে গাড়ি না পেয়ে হেঁটে বাড়ি আসার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হন গনি খান। গনি খানের স্ত্রী ও এক ছেলে রয়েছেন। পরিবারটি খুবই গরিব। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন এই অসহায় পরিবারটিকে একটু সহায়তা করবেন।