ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, বিএনপি তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গিয়ে আওয়ামী লীগের ফ্যাসিস্ট পথে হাঁটছে। তিনি অভিযোগ করেন, বিএনপি এখন আলেম-ওলামাদের বিরুদ্ধে আ.লীগের মতো শ্লোগান দিচ্ছে এবং বহুদলীয় গণতন্ত্রের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। তিনি আগামী নির্বাচনে ইসলামী শক্তির ঐক্যবদ্ধ ভূমিকার মাধ্যমে ‘ইসলামের বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি হাদিয়া ও চাঁদাবাজির পার্থক্য ব্যাখ্যা করে বলেন, চাঁদা জোরপূর্বক আদায় করা হয়, কিন্তু হাদিয়া স্বেচ্ছায় দেওয়া হয়।

ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ডা. সিরাজুল ইসলাম সিরাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ডা. সিরাজুল ইসলামকে ঝালকাঠি-২ আসনের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।