বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, চট্টগ্রামে এক চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা। নকশা বহির্ভূত ভবন নির্মাণের কারণে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, কিন্তু তিনি বিএনপির নামে অপপ্রচার চালিয়েছেন। রিজভী এ ঘটনাকে নির্বাচনের আগে উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা জানান।

তিনি রংপুরে সনাতন ধর্মাবলম্বী দুইজনের ওপর মব হামলার নিন্দা করে বলেন, এ ধরনের ঘটনা রোধে কঠোর আইন প্রয়োজন। এছাড়া, আওয়ামী লীগের আমলে ফারমার্স ব্যাংকে লুটপাট হওয়া প্রায় ২ হাজার কোটি টাকা উদ্ধারে সরকারের আন্তরিকতার আহ্বান জানান তিনি।

পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি প্রসঙ্গে রিজভী বলেন, এটি জটিলতা সৃষ্টির উদ্দেশ্যে উত্থাপিত হচ্ছে, কারণ দেশের মানুষ এখনও এর জন্য প্রস্তুত নয়। তিনি জানান, খালেদা জিয়ার জন্মদিনে শুক্রবার সারাদেশে দোয়া মাহফিলের আয়োজন করবে বিএনপি, যেখানে গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের জন্যও দোয়া করা হবে।