জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গতকাল ২২ অক্টোবর সোমবার শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কলেজ রোড সংলগ্ন প্রতিষ্ঠান সমূহে মনিটরিং অভিযান পরিচালিত হয়। এসময় কয়েকটি ঔষধের দোকান ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়। রোগ নির্নয়ে বিভিন্ন পরীক্ষার জন্য নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য রাখা, ঔষধের প্যাকেটের গায়ে লেখা মূল্য কেটে অতিরিক্ত মূল্যে বিক্রয়ের প্রস্তাব, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ডামুড্যা উপজেলার সরকারী হাসপাতাল সংলগ্ন ডামুড্যা ডায়াগনস্টিক সেন্টার, একতা ডায়গনস্টিক সেন্টার ও আলী আযম জেনারেল হাসপাতালসহ মোট ৩ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ও ৫১ ধারা অনুযায়ী অনুযায়ী মোট ১৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯” বিষয়ক লিফলেট, প্যাম্পলেট বিতরণ করা হয় এবং ব্যবসায়ীদের বিভিন্ন নির্দেশনা দেয়া হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহযোগিতা করেন ডামুড্যা উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর আলেয়া বেগম ও শরীয়তপুর জেলা পুলিশ। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।