কানাডায় ক্যান্সারের চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল–বাসদ (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুন নাহার বেবী (৭৩) ইন্তেকাল করেছেন। তিনি ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৩টা ২০ মিনিটে অটোয়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত তিন থেকে চার বছর ধরে তিনি কোলন ক্যান্সারে ভুগছিলেন।

বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনার রশিদ ভুইয়া এক শোকবার্তায় বলেন, “কামরুন নাহার বেবীর মৃত্যুতে পার্টি একজন নিবেদিতপ্রাণ নেত্রীকে হারালো। আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

১৯৫২ সালে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন কামরুন নাহার বেবী। বাবা প্রকৌশলী মাফুজুর রহমান এবং মা ফজিলতুন নেসার চার সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা বেবী ছাত্রজীবনে জাসদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামছুননাহার হল ছাত্রলীগের সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন। রাজনৈতিক কারণে তিনি কারাগার থেকে অনার্স ফাইনাল পরীক্ষায় অংশ নেন। এছাড়া ক্রান্তি শিল্পীগোষ্ঠীর হয়ে নাট্য আন্দোলনেও সক্রিয় ছিলেন।

কামরুন নাহার বেবীর স্বামী বাসদ কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড আ ফ ম মাহবুবুল হক। তিনি একমাত্র কন্যা উৎপলা ক্রান্তি, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, আগামী ২০ সেপ্টেম্বর (শনিবার) স্থানীয় সময় দুপুর ২টায় কানাডার অটোয়ায় স্বামী কমরেড আ ফ ম মাহবুবুল হকের কবরের পাশে কামরুন নাহার বেবীকে দাফন করা হবে।