জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
অনুষ্ঠানে নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (জেজিএস-পুরুষ) ফেরদৌস আল হাসান ও (জেজিএস-নারী) আয়েশা সিদ্দিকা মেঘলাসহ অন্যান্য নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ এর জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা।
এছাড়া, নির্বাচনের সময় পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে অকাল প্রয়াত চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতাকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শপথবাক্য পাঠ করানোর আগে শুভেচ্ছা বক্তব্যে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন,”২৪-এর গণ অভ্যুত্থানের অঙ্গীকার ছিল গণতন্ত্র পুনরুদ্ধার করা। ছাত্র সংসদ নির্বাচন সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার নতুন সূচনা করেছে।”
তিনি আরও বলেন, ” আমরা মনে করি, ডাকসু ও জাকসুর নির্বাচন আয়োজন মানেই জাতীয় নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার সীমিত পরিসরে গণতন্ত্র ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করেছে।”
এরপর জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেন, “জাকসু শিক্ষার্থীদের অধিকার রক্ষার প্ল্যাটফর্ম। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শিক্ষার্থীদের অধিকার যাতে সুরক্ষিত থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীরাই আসল শক্তি, আমরা কেবল সহায়ক।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসুর সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম বলেন,
“এবারের জাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন। কোথাও কোনো অনিয়ম হয়নি—সব ফুটেজ সংরক্ষিত আছে। কেউ যদি এ নির্বাচন নিয়ে অভিযোগ তোলেন, তবে তা নিছক ব্যক্তিস্বার্থে করা হবে।”
তিনি আরও বলেন, “প্রশাসন, প্রার্থী, শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনী—সবাই মিলে এই নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করেছে। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক এ বি এম আজিজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, সিনেট সদস্য, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক এবং নির্বাচিত প্রতিনিধিদের অভিভাবকবৃন্দ।
শপথ শেষে ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, “দীর্ঘ ৩৩ বছর শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল। এবার সেই অধিকার ফিরিয়ে আনার সুযোগ তৈরি হয়েছে। আমরা সবাইকে সাথে নিয়ে জাহাঙ্গীরনগরের উন্নয়নে কাজ করব।”
নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম বলেন, “শপথ গ্রহণের মধ্য দিয়ে আমাদের ওপর শিক্ষার্থীদের দায়বদ্ধতা এসেছে। আমরা তাদের অধিকার আদায়ে অঙ্গীকারবদ্ধ এবং আগামী এক বছরে তা বাস্তবায়নে কাজ করব।”
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে ভিপি হিসাবে জয়লাভ করেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু এবং শিবির-সমর্থিত “সমন্বিত শিক্ষার্থী জোট” প্যানেলের প্রার্থীরা জিএসসহ শীর্ষ তিনটি পদসহ মোট ২৫টির মধ্যে ২০ পদে জয়ী হন। বাকি চারটির মধ্যে দুটিতে জয় পায় বাগছাস এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী।



মন্তব্য করুন