রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখার অভিযোগে নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
কলাবাগান থানা-পুলিশ জানায়, নিহত তাসলিমা আক্তারের সঙ্গে নজরুল ইসলামের দীর্ঘদিনের দাম্পত্য জীবন ছিল। তাদের ১৭ ও ১৪ বছর বয়সী দুই কন্যা রয়েছে। ঘটনার রাতে সন্তানদের আলাদা ঘরে শুইয়ে দিয়ে নজরুল স্ত্রীকে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরদিন সকালে তিনি মেয়েদের জানান, তাদের মা অন্য একজনের সঙ্গে চলে গেছেন। এরপর তিনি দুই মেয়েকে নিয়ে বোনের বাসায় পৌঁছে দেন।
মেয়েরা মায়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে সন্দেহ প্রকাশ করে মামাদের জানায়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় খবর দিলে পুলিশ সোমবার সন্ধ্যায় কলাবাগানের ওই বাসায় অভিযান চালিয়ে ডিপ ফ্রিজ থেকে তাসলিমার মরদেহ উদ্ধার করে।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম জানান, এ ঘটনায় বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানানো হবে। তিনি বলেন, “স্ত্রী হত্যার পর মরদেহ গোপন করার অভিযোগে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে হত্যার কারণ ও পদ্ধতি উদঘাটন করা হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পারিবারিক কলহ থেকে হত্যাকাণ্ড ঘটেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।



মন্তব্য করুন