শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদ দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বলে নিরাপত্তা সূত্রে জানা গেছে। গত ৯ অক্টোবর তিনি বিশেষ ব্যবস্থায় সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এবং বর্তমানে কলকাতার নিউ টাউন এলাকার সানজিবা গার্ডেন কমপ্লেক্সে পরিবারসহ অবস্থান করছেন।
আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে গুমের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকেই তার অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়। সেনা সদর জানিয়েছে, জেনারেল কবীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেন, “জেনারেল কবীর ভারতে পালিয়ে গেছেন এবং ভারত তাকে আশ্রয় দিয়েছে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এটা স্পষ্ট। যারা তাকে পালাতে সহায়তা করেছে, তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।” তিনি আরও বলেন, “একজন কর্মরত জেনারেল কীভাবে পালিয়ে যেতে পারে, তার জবাব সেনাবাহিনীকে দিতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর, অথচ তাদের জেনারেলরা যদি অন্য দেশের এজেন্ট হয়ে যায়, তাহলে রাষ্ট্রের অস্তিত্বই প্রশ্নবিদ্ধ হয়।”
বিশ্লেষকরা ঘটনাটিকে জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন। তাদের মতে, এ বিষয়ে দ্রুত ও স্বচ্ছ তদন্ত জরুরি, কারণ এটি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সার্বভৌমত্বের সঙ্গে সরাসরি সম্পর্কিত।
কলকাতার নিরাপত্তা সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা জারির আশঙ্কায় কবীর গত এক মাস ধরে কলকাতায় যাতায়াত করছিলেন। সেপ্টেম্বরের মাঝামাঝিতে তিনি সেখানে অবস্থান করেন এবং পরে বাংলাদেশে ফিরে আসেন। ৯ অক্টোবর তিনি পুনরায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন।
সূত্র আরও জানায়, সানজিবা গার্ডেন কমপ্লেক্সে এর আগেও লে. জেনারেল (অব.) আকবর হোসেন অবস্থান করেছেন। একই কমপ্লেক্সে আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজীম আনার খুন হয়েছিল।
গত ৮ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে গুমের ঘটনায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তাদের মধ্যে ২৫ জনই সেনাবাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা ছিলেন, এবং জেনারেল কবীর ছিলেন অন্যতম আলোচিত নাম।
১১ অক্টোবর সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান জানান, কবীর আহাম্মদকে ‘ইলিগ্যালি অ্যাবসেন্ট’ ঘোষণা করা হয়েছে। সীমান্তে সতর্কতা জারি করা হলেও তিনি পালিয়ে যান।
মেজর জেনারেল কবীর শেখ হাসিনার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং এর আগে ডিজিএফআই-এর কাউন্টার টেররিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক ছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তাকে স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকসের কমান্ড্যান্ট করা হয় এবং সর্বশেষ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
নেত্রকোনার বাসিন্দা কবীরের বিরুদ্ধে গুম, নির্যাতন, দুর্নীতি ও ভূমি দখলের অভিযোগ রয়েছে। আন্দোলনের সময় তিনি শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন ইউনিটকে গুলি চালানোর আদেশ দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।
আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক প্রফেসর এম শহীদুজ্জামান বলেন, “যদি সত্যিই তিনি ভারতে আশ্রয় নিয়ে থাকেন, তবে এটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক। সেনাবাহিনীর নজরদারির মধ্যেও তিনি কীভাবে পালাতে পারলেন, তার উত্তর অবশ্যই দিতে হবে।” তিনি আরও বলেন, “ভারত এভাবে অভিযুক্ত জেনারেলদের আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে। সরকারকে এ বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে তুলে ধরতে হবে।”



মন্তব্য করুন