চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট চুরি বা কারচুপি হলে গোটা বাংলাদেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শাহবাগে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো শিবিরের পক্ষ হয়ে কাজ করছে। আমরা ঢাবিতে যেমন দেখেছি, রাকসু ও চাকসুতে তারই পুনরাবৃত্তি ঘটছে। ছাত্রদল ন্যায়ের পক্ষে, কোনো ধরনের ভোট চুরি মেনে নেওয়া হবে না।”
রাকিব আরও বলেন, “অতীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিকে ছাত্রশিবির কলঙ্কিত করেছিল। এবারও তারা লাঠি সোটা হাতে সেটি আবারও প্রমাণ করেছে। তারা ভাবছে ছাত্রদল দুর্বল। কিন্তু আমরা যদি একবার রাজপথে নামি, তাহলে ছাত্রশিবিরের রাজনীতির কোনো স্থান থাকবে না।”
উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর চবিতে অনুষ্ঠিত হয়েছে চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১৩টি প্যানেলের ৯০৮ জন প্রার্থী ২৩২টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে ভোটারদের কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ভোট দিতে হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৬টি ও হল সংসদের ১৪টি পদে ভোট দিতে সময় নির্ধারণ করা হয় সর্বোচ্চ ১০ মিনিট।
ভোটগ্রহণ হয়েছে ব্যালট পেপারে, গণনা চলছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে। কেন্দ্রীয় সংসদের ফল ঘোষণা হবে ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে, আর হল সংসদের ফল ঘোষণা হবে ভোটকেন্দ্রেই।
নির্বাচন বিতর্কমুক্ত রাখতে ডিনদের রিটার্নিং কর্মকর্তা এবং বিভাগের সভাপতিদের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ভোটার তালিকায় ছবি সংযুক্ত করা হয়েছে। শহর থেকে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ১১ বার শাটল ট্রেন এবং ১৫টি বাস চলাচল করেছে।



মন্তব্য করুন