চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামের একটি তোয়ালে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কারখানাটির ৯ তলা ভবনের ৫, ৬ ও ৭ তলায় আগুন ছড়িয়ে পড়ে। ভবনটিতে তখন পাঁচ শতাধিক শ্রমিক অবস্থান করছিলেন বলে জানা গেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তদন্তের পর জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।