রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোট শেষে বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ১৭টি কেন্দ্রে গণনা শুরু হয়।
দিনের শুরুতে সকাল ৭টা ১৫ মিনিটে প্রিজাইডিং অফিসারদের হাতে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করা হয়। তাদের কাছে হালনাগাদ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স, ওএমআর সংযুক্ত ব্যালট পেপার, অমোচনীয় কালি ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়।
চলতি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০৫ জন প্রার্থী, যার মধ্যে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস)সহ গুরুত্বপূর্ণ পদ অন্তর্ভুক্ত। সিনেটের ছাত্র প্রতিনিধি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন এবং ১৭টি হল সংসদের ২৫৫টি পদের জন্য লড়ছেন ৫৫৫ জন প্রার্থী।
ভোটারদের মধ্যে নারী ৩৯ দশমিক ১০ শতাংশ এবং পুরুষ ৬০ দশমিক ৯০ শতাংশ।
এর আগের দিন বুধবার (১৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, “একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনই আমাদের প্রধান লক্ষ্য। প্রতিটি ধাপে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হয়েছে, যাতে নির্বাচন বিতর্কমুক্ত থাকে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, গণনা শেষে ফলাফল ধাপে ধাপে ঘোষণা করা হবে। শিক্ষাঙ্গনের অভ্যন্তরে দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।



মন্তব্য করুন