রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। কাজী নজরুল ইসলাম মিলনায়তন ও শহীদ মিনারে স্থাপিত এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে প্রতিটি কেন্দ্রের ফলাফল, যা ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ১৭টি কেন্দ্রের ব্যালট বাক্স মিলনায়তনে আনা হয়। পূর্বঘোষণা অনুযায়ী সন্ধ্যা ৬টায় গণনা শুরু হওয়ার কথা থাকলেও তা কিছুটা বিলম্বে রাত ৮টায় শুরু হয়।

নির্বাচন কমিশনার অধ্যাপক ড. নিজাম উদ্দিন জানান, “অত্যন্ত চমৎকার পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ৬৯.৮৩ শতাংশ ভোট কাস্ট হয়েছে, যা শিক্ষার্থীদের অংশগ্রহণের উচ্ছ্বাসেরই প্রতিফলন। গণনা যন্ত্রগুলো যাচাই করে পোলিং অফিসারদের উপস্থিতিতে ব্যালট বাক্স খোলা হয়েছে। আশা করছি দ্রুত ফলাফল দিতে পারব।”

এবারের রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০৫ জন প্রার্থী, যার মধ্যে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ অন্তর্ভুক্ত। সিনেটের ছাত্র প্রতিনিধি পদের জন্য ৫৮ জন এবং ১৭টি হল সংসদের ২৫৫টি পদের জন্য লড়ছেন ৫৫৫ জন প্রার্থী।

ভোটারদের মধ্যে ৩৯ দশমিক ১০ শতাংশ নারী এবং ৬০ দশমিক ৯০ শতাংশ পুরুষ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ফলাফল পর্যায়ক্রমে প্রকাশ করা হবে এবং তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে জানানো হবে।