রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোটে জয়ী হয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শিক্ষার্থী সুজন চন্দ্র। তিনি সনাতন ধর্মাবলম্বী হলেও শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। শুক্রবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

সুজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র। ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও তিনি জানান, শিবিরের আদর্শ ও নীতিবোধ তাকে আকৃষ্ট করেছে।

তার ভাষায়, “শিবিরের প্যানেলে আসার অন্যতম কারণ তাদের মানবিক মূল্যবোধ ও শিক্ষাবান্ধব কার্যক্রম। আমি সেই আদর্শের প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের প্রতি কৃতজ্ঞ।”

বিশ্লেষকদের মতে, সুজনের এই জয় ছাত্ররাজনীতিতে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত, যেখানে ব্যক্তিগত ধর্মীয় পরিচয়ের চেয়ে আদর্শ ও নীতিকে প্রাধান্য দেওয়া হয়েছে।