শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এই দায় চাপানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে শিবির নেতারা বলেন, ছাত্রশিবির সব সময় স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল। সম্প্রতি ‘ডেইলি স্টার’ ও ‘প্রথম আলো’ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ন্যক্কারজনক ঘটনার দায় পরিকল্পিতভাবে ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দিয়ে একটি স্বার্থান্বেষী মহল প্রকৃত দোষীদের আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে।
রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু নেতার সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিভ্রান্তির বিষয়েও বিবৃতিতে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তারা বলেন, সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য ছিল সম্পূর্ণ তাদের ব্যক্তিগত। ইতোমধ্যে তারা তাদের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ ও ব্যাখ্যা দিয়েছেন। কোনো নেতার ব্যক্তিগত ‘স্লিপ অব টাং’ বা অসতর্ক মন্তব্যকে ছাত্রশিবিরের অফিসিয়াল অবস্থান হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই।
নেতৃবৃন্দ আরও বলেন, গণমাধ্যম বা যেকোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা ছাত্রশিবিরের আদর্শের পরিপন্থী। তারা এই ঘটনার নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের দাবি জানিয়ে বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে চলমান লড়াইকে ভিন্নখাতে নিতেই এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
বিবৃতিতে গণমাধ্যম ও সাধারণ মানুষকে বিভ্রান্তিকর তথ্য থেকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। তারা বলেন, শহীদ ওসমানের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। তবে যেকোনো পরিস্থিতিতেই ধৈর্য, প্রজ্ঞা এবং জাতীয় ঐক্যকে অগ্রাধিকার দিতে হবে।



মন্তব্য করুন