বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তিন দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই সূচি তুলে ধরেন।
ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। সেখান থেকে তিনি সরাসরি ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিমানবন্দর পরবর্তী প্রথম গন্তব্য হবে এভারকেয়ার হাসপাতাল, যেখানে তিনি তাঁর অসুস্থ মা বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন তারেক রহমান। একই দিনে তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমানের গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক ও মানবিক কর্মসূচি রয়েছে। এদিন সকালে তিনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচন কমিশনে গিয়ে আবেদন করবেন। এরপর তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই আন্দোলনের আহত যোদ্ধাদের দেখতে যাবেন।
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা প্রধান ড. এ কে এম শামসুল রহমানসহ দলটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।



মন্তব্য করুন