আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৌশলগত মিত্র ও শরিক দলগুলোর নেতাদের জন্য সাতটি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। এর মধ্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানকেও দুটি গুরুত্বপূর্ণ আসন ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের এই সিদ্ধান্তের কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি উল্লেখ করেন, জোটবদ্ধ আন্দোলনের ধারাবাহিকতায় নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে এই আসনগুলোতে বিএনপি কোনো প্রার্থী দেবে না।
ঘোষণা অনুযায়ী, নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসনে এবং রাশেদ খান ঝিনাইদহ-৪ আসনে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া-২ এবং গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
অন্যান্য শরিকদের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ঢাকা-১২, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার পিরোজপুর-১ এবং যশোর-৫ আসনে মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে আসন ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কুমিল্লা-৭ আসনে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের প্রার্থিতার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।
বিএনপি মহাসচিব জানান, বৃহত্তর ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলনের স্বার্থে জোটভুক্ত দলগুলোর জনপ্রিয় ও শীর্ষ নেতাদের এই আসনগুলোতে ছাড় দেওয়া হয়েছে। এসব এলাকায় দলীয় নেতাকর্মীদের জোটের প্রার্থীদের পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হবে।



মন্তব্য করুন