নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি ছেড়ে দিয়েছে বিএনপি। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সাতজন প্রার্থীর জন্য নির্দিষ্ট আসন খালি রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। জোটবদ্ধ এই নির্বাচনে জোনায়েদ সাকি ছাড়াও গণঅধিকার পরিষদের নুরুল হক নুর পটুয়াখালী-৩ এবং রাশেদ খান ঝিনাইদহ-৪ আসনে বিএনপির সমর্থন পেয়েছেন।
আসন ছাড় দেওয়া অন্যান্য শরিক নেতাদের মধ্যে রয়েছেন পিরোজপুর-১ আসনে মোস্তফা জামাল হায়দার (জাতীয় পার্টি-কাজী জাফর), নড়াইল-২ আসনে অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ (এনপিপি), যশোর-৫ আসনে মুফতি রশিদ (ঐক্যজোট) এবং ঢাকা-১২ আসনে সাইফুল হক (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি)।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, আন্দোলনের সংহতি বজায় রাখতেই এই আসন বণ্টন করা হয়েছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকুসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদকেও সংবাদ সম্মেলনে দেখা যায়।



মন্তব্য করুন