নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার জন্য বুধবারের দিনটি ছিল নাটকীয়তায় ভরা। একদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে তাকে জোটের প্রার্থী হিসেবে বিএনপি চূড়ান্ত সমর্থন দিয়েছে, অন্যদিকে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন হাইকোর্টে খারিজ হয়ে গেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের হাইকোর্ট বেঞ্চ মান্নার রিট আবেদনটি খারিজ করে দেন। এর ফলে আইনিভাবে তিনি বর্তমানে ঋণখেলাপি হিসেবেই গণ্য হচ্ছেন, যা সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে বড় বাধা।

আদালত সূত্রে জানা গেছে, মান্নার মালিকানাধীন প্রতিষ্ঠান ‘আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেড’ ইসলামী ব্যাংকের কাছে ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা বকেয়া রেখেছে। এই বিশাল অংকের ঋণ পরিশোধ না করায় ব্যাংক তাকে খেলাপি হিসেবে তালিকাভুক্ত করে ‘কল ব্যাক নোটিশ’ পাঠায়।

উচ্চ আদালতের এই আদেশের ফলে মান্না বর্তমানে নির্বাচনের অযোগ্য। যদিও তিনি চেম্বার আদালতে আপিল করার সুযোগ পাবেন, তবে আগামী তিন দিন আদালত ছুটি থাকায় ২৮ ডিসেম্বরের আগে তার এই তকমা ঘোচানোর কোনো সম্ভাবনা নেই।

এর আগে দুপুরে গুলশানে বিএনপির সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাকে জোটের প্রার্থী হিসেবে সমর্থন দেবে বিএনপি। মনোনয়ন পেলেও আইনি জট নিরসন না হলে এই আসনে বিএনপির সমর্থন তার কোনো কাজে আসবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।