বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সারা দেশ থেকে আগত নেতাকর্মীদের সুবিধার্থে ১০টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এর অংশ হিসেবে আজ বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন থেকে একটি স্পেশাল ট্রেন ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
ঈশ্বরদী রেলওয়ে শ্রমিক দল শাখার সাধারণ সম্পাদক ছবি মন্ডল নিশ্চিত করেছেন যে, রাত ১১টা ৪০ মিনিটে বিশেষ ট্রেনটি ঈশ্বরদী জংশন ত্যাগ করবে। পাবনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সার্বিক তত্ত্বাবধানে এই ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
বিএনপি নেতারা জানান, তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ঈশ্বরদী ও আশপাশের এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী এই ট্রেনে করে ঢাকা যাবেন। ইতোমধ্যে অনেক নেতাকর্মী বাস ও অন্যান্য যানবাহনে ঢাকার পথে রয়েছেন। নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
হাবিবুর রহমান হাবিবের পক্ষ থেকে নেতাকর্মীদের যাত্রা সহজ করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রাত থেকেই ঈশ্বরদী জংশনে নেতাকর্মীদের জমায়েত হওয়ার কথা রয়েছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় ইউনিটগুলো এই যাত্রা সফল করতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে।



মন্তব্য করুন