রাজধানীর মগবাজার মোড়ে ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা একটি শক্তিশালী ককটেল বিস্ফোরণে সিয়াম (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

নিহত সিয়াম মগবাজারের ‘জাহিদ কার ডেকোরেশন’ নামের একটি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় তিনি দোকান থেকে নাস্তা আনতে বের হয়েছিলেন। ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলটি সরাসরি তার মাথায় পড়লে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, এটি অত্যন্ত শক্তিশালী একটি ককটেল ছিল। ফ্লাইওভার থেকে কে বা কারা এটি নিক্ষেপ করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিয়ে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

বিস্ফোরণের পর মগবাজার ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে পুলিশ। এই হামলার নেপথ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।