রাজধানীর মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে ছুড়ে মারা বোমায় প্রাণ হারানো যুবকের পরিচয় নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিহত ১৯ বছর বয়সী ওই তরুণের নাম সিয়াম মজুমদার। তিনি নিউ ইস্কাটন এলাকায় একটি মোটর পার্টসের দোকানে কর্মরত ছিলেন।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে আটটার দিকে নিউ ইস্কাটনের মুক্তিযোদ্ধা গলির সামনে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ফ্লাইওভারের ওপর থেকে হঠাৎ একটি শক্তিশালী ককটেল নিচে ছোড়া হয়। সেটি সরাসরি হেঁটে যাওয়া সিয়ামের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পিতা আলী আকবর মজুমদার পেশায় একজন রিকশাচালক। তিনি জানান, প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফেরার পথে এই নাশকতার শিকার হয় তার ছেলে। তাদের স্থায়ী নিবাস খুলনার দিঘলিয়া উপজেলায় হলেও তারা দীর্ঘদিন ধরে ইস্কাটনের দুই হাজার গলিতে ভাড়া থাকতেন।
ঘটনার পরপরই হাতিরঝিল ও রমনা থানা পুলিশসহ বোম্ব ডিসপোজাল ইউনিট আলামত সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য বিশ্লেষণ করে হামলাকারীদের গতিপথ শনাক্তের চেষ্টা চলছে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম জানান, এই হামলাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং পরিকল্পিত নাশকতা বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।



মন্তব্য করুন