দীর্ঘ ১৭ বছরের নির্বাসন ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি সিলেটের মাটিতে অবতরণ করে।

ঐতিহাসিক এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে তথা ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা স্থল ইতোমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। ভোর থেকেই মঞ্চ এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে।

তীব্র শীতের প্রকোপ উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ সংবর্ধনাস্থলে জড়ো হয়েছেন। অনেক নেতাকর্মী আগের রাত থেকেই খোলা আকাশের নিচে অবস্থান নিয়ে মঞ্চের শেষ মুহূর্তের প্রস্তুতি তদারকি করেছেন।

বিশ্বরোড মোড় থেকে পূর্বাচলমুখী সড়কের উত্তর অংশে ৪৮ ফুট বাই ৩৬ ফুট আয়তনের একটি বিশাল সংবর্ধনা মঞ্চ নির্মাণ করা হয়েছে। মঞ্চটি জাতীয় পতাকার প্রতিচ্ছবি ও আধুনিক এলইডি স্ক্রিন দিয়ে সুসজ্জিত।

নিরাপত্তার স্বার্থে পুরো এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে টহল দিচ্ছেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিজস্ব বিশেষ নিরাপত্তা টিমের (সিএসএফ) সদস্যরাও মঞ্চে অবস্থান নিয়েছেন।

সিলেটে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে তারেক রহমানকে বহনকারী বিমানটি দুপুর পৌনে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সেখান থেকেই তিনি সরাসরি ৩০০ ফিট সংবর্ধনাস্থলে আসবেন।

সরেজমিনে দেখা গেছে, কুড়িল, পূর্বাচল ও এয়ারপোর্ট এলাকার বাসিন্দারাও কৌতূহল ও উচ্ছ্বাস নিয়ে সন্তানদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশ প্রত্যক্ষ করতে আসছেন। ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে পুরো এলাকা।

মঞ্চে স্থাপিত বিশাল স্ক্রিনে ‘তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ লেখাটি শোভা পাচ্ছে। দলীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন পুরো রাজপথ, যেখানে কেবলই এখন দীর্ঘ অপেক্ষার অবসান ঘটার ক্ষণগণনা।

নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাটিকে কয়েকটি স্তরে ভাগ করেছে। মেটাল ডিটেক্টর ও ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি চালিয়ে সংবর্ধনাস্থলের চারপাশের পরিবেশ ঝুঁকিমুক্ত রাখা হচ্ছে।