লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে ছোট বোন আয়েশা আক্তার বিনতির পর এবার বড় বোন সালমা আক্তার স্মৃতিও (১৭) মারা গেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) সকালে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় স্মৃতির মৃত্যু হয়। তার শরীরের ৯০ শতাংশই আগুনে পুড়ে গিয়েছিল।
নিহত স্মৃতি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী বেলাল হোসেনের বড় মেয়ে। এই অগ্নিকাণ্ডে বেলাল নিজেও দগ্ধ হয়েছেন।
ঘটনার সূত্রপাত ঘটে গত ১৯ ডিসেম্বর রাতে। ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় গভীর রাতে দুর্বৃত্তরা বাহির থেকে দরজায় তালা লাগিয়ে ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
সেদিনের ভয়াবহ আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায় বেলালের ছোট মেয়ে শিশু শিক্ষার্থী আয়েশা (৮)। দগ্ধ হন বেলাল এবং তার অপর দুই মেয়ে স্মৃতি ও সায়মা আক্তার বিথি।
আহতদের মধ্যে অষ্টম শ্রেণির শিক্ষার্থী বিথি ৫ শতাংশ দগ্ধ শরীর নিয়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও স্মৃতি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে গেলেন।
অগ্নিকাণ্ডের চারদিন পর গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বিএনপি নেতা বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।
তদন্তকারী পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করেছেন। এর মধ্যে দুটি লক করা এবং একটি খোলা অবস্থায় পাওয়া গেছে, যা পরিকল্পিত নাশকতার ইঙ্গিত দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। অপরাধীদের শনাক্ত করতে সংগৃহীত আলামত বিশ্লেষণ ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।



মন্তব্য করুন