ভারতের কর্ণাটক রাজ্যে ৪৮ নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি বেসরকারি স্লিপার বাস বেঙ্গালুরু থেকে শিমোগা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে বাসটিকে সজোরে ধাক্কা মারে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ট্রাকটি সরাসরি বাসের জ্বালানি ট্যাংকে আঘাত করায় তেল ছড়িয়ে পড়ে। সংঘর্ষের কয়েক মুহূর্তের মধ্যেই পুরো বাসটিতে বিধ্বংসী আগুনের সূত্রপাত হয়।

ভয়াবহ এই অগ্নিসংযোগে বাসের ভেতরে থাকা ৮ জন যাত্রী এবং ঘাতক ট্রাকটির চালক ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান। স্থানীয় পুলিশ প্রশাসন নিহতের সংখ্যা নিশ্চিত করেছে।

দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা যাত্রী আদিত্য জানান, সংঘর্ষের পরপরই পুরো বাস ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় এবং চারদিকে মানুষের আর্তনাদ শুরু হয়। আগুনের তীব্রতায় বাসের মূল দরজাটি খোলা অসম্ভব হয়ে পড়েছিল।

জীবন বাঁচাতে অনেক যাত্রী মরিয়া হয়ে জানালার কাচ ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। কয়েকজন একে অপরকে টেনে বের করতে পারলেও তীব্র শিখার কারণে অনেককেই উদ্ধার করা সম্ভব হয়নি।

এই দুর্ঘটনার ফলে কর্নাটকের তুমকুর রোডে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে গোকর্ণগামী শত শত পর্যটক ও সাধারণ যাত্রী দীর্ঘ সময় রাস্তায় আটকা পড়ে ভোগান্তির শিকার হন।

খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয় উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ট্রাকটির বেপরোয়া গতির কারণ খতিয়ে দেখছে।

ভারতে সড়ক নিরাপত্তায় এই ধরনের দুর্ঘটনা নতুন নয়। গত মাসেই তেলেঙ্গানায় অনুরূপ এক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছিলেন। এই সাম্প্রতিক ঘটনাটি দেশের সড়ক নিরাপত্তা ও পরিবহন তদারকি নিয়ে ফের প্রশ্ন তুলেছে।