দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত প্রবাস জীবনের অবসান ঘটিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) বেলা ১১টা ৪৫ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ড্রিমলাইনার ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে উড়োজাহাজটি সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং সেখানে এক ঘণ্টার যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তিনি দেশের পথে যাত্রা শুরু করেছিলেন। তারেক রহমানের এই ঐতিহাসিক যাত্রায় সঙ্গে আছেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

সফরসঙ্গী হিসেবে আরও রয়েছেন ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীনসহ ব্যক্তিগত স্টাফরা।

বিমানবন্দরে নামার পর তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা।

প্রিয় নেতাকে একনজর দেখতে সকাল থেকেই বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় লক্ষ লক্ষ নেতাকর্মীর ঢল নামে। পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ।

বিমানবন্দর থেকে সরাসরি তিনি রাজধানীর পূর্বাচলে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ সংলগ্ন বিশাল সংবর্ধনা মঞ্চে যোগ দেবেন এবং দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে লন্ডন পাড়ি দিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর তিনি আবারও বাংলার মাটি স্পর্শ করলেন।