দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন ও নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রধান উপদেষ্টাকে মুঠোফোনে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালে ফোনালাপে তারেক রহমান বলেন, আমার ও আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ। তিনি বিশেষ করে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন।

এর আগে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট বিজি-২০২ ঢাকায় অবতরণ করে। এটি ছিল দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর তার প্রিয় মাতৃভূমির আকাশে প্রথম স্পর্শ।

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বুধবার দিবাগত রাতে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন। যাত্রাপথে বৃহস্পতিবার সকালে তার বিমানটি সিলেটে সংক্ষিপ্ত যাত্রা বিরতি করে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি দেশবাসীর উদ্দেশে তার প্রথম আনুষ্ঠানিক বক্তব্য দেবেন।

বিকেলের দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর চিকিৎসাধীন মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনি সরাসরি সাক্ষাৎ করবেন।