দীর্ঘ প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তার এই প্রত্যাবর্তনের খবরটি স্থানীয় সংবাদমাধ্যমের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বিশেষ গুরুত্ব পেয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বিষয়টিকে ‘১৭ বছরের নির্বাসনের অবসান’ হিসেবে বর্ণনা করে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে তারেক রহমানকে ‘বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী’ হিসেবে অভিহিত করেছে। সংস্থাটি বলছে, আসন্ন জাতীয় নির্বাচনের আগে তার এই প্রত্যাবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
একই সুর পাওয়া গেছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির শিরোনামেও। তারাও তাকে দীর্ঘ সময়ের নির্বাসন শেষে ফেরা সম্ভাব্য রাষ্ট্রনেতা হিসেবে উপস্থাপন করেছে। প্রতিবেশী ভারতের শীর্ষ সংবাদমাধ্যমগুলোতেও এই খবরটি শীর্ষ তালিকায় রয়েছে।
এনডিটিভি তাদের প্রতিবেদনে তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী, কন্যা এবং তাদের পোষ্য বিড়ালের ফিরে আসার মানবিক দিকটিও তুলে ধরেছে। এছাড়া হিন্দুস্তান টাইমস এবং দ্য হিন্দু এই প্রত্যাবর্তনকে বিশেষ গুরুত্ব দিয়ে কাভার করছে।
পাকিস্তানের প্রধান সংবাদপত্র দ্য ডন তাদের প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশের মাটিতে ফেরার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণের সম্ভাবনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাবন্দী হওয়ার ১৮ মাস পর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন গিয়েছিলেন তারেক রহমান। এরপর থেকে দীর্ঘ সময় তিনি যুক্তরাজ্যেই অবস্থান করছিলেন।
বহু মামলা ও আইনি জটিলতার দীর্ঘ অপেক্ষা শেষে বৃহস্পতিবার তার এই প্রত্যাবর্তনে রাজপথে জনস্রোত দেখা যায়। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত উচ্ছ্বসিত সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেছে।



মন্তব্য করুন