ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর খুনিদের নিরাপদে সীমান্ত পার করানোর নেপথ্যে একটি শক্তিশালী নেটওয়ার্কের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্ত অনুযায়ী, এই পালানোর প্রক্রিয়ায় মূল সমন্বয়কের ভূমিকা পালন করেছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পী।

গোয়েন্দা তথ্যানুযায়ী, হত্যাকাণ্ডের পর প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখকে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পাঠানোর ব্যবস্থা করা হয়। এ কাজে বাপ্পীর নির্দেশনায় তার ভগ্নিপতি আমিনুল ইসলাম সক্রিয়ভাবে অংশ নেন। আমিনুলকে ইতোমধ্যে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, বাপ্পী নিজে ভারতে অবস্থান করলেও টেলিফোনে সীমান্তের দালাল ফিলিপ স্নালের সাথে যোগাযোগ স্থাপন করেন। আমিনুলের মাধ্যমে দালালকে ৫ হাজার টাকা পাঠিয়ে শুটারদের সীমান্ত পার করার ব্যবস্থা করা হয়। আদালত আমিনুলকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে মাথায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হলেও মূল পরিকল্পনাকারী বাপ্পী ও আত্মগোপনে থাকা দালাল ফিলিপকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।