সুদীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিশেষ বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বিমানবন্দর থেকে সরাসরি তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তার মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে হাসপাতালে প্রবেশের সময় তার সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমান।
হাসপাতালে যাওয়ার পথে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় নেতাকর্মীদের দেওয়া এক সংক্ষিপ্ত সংবর্ধনায় অংশ নেন তারেক রহমান। এসময় তিনি বলেন, সন্তান হিসেবে তার মন অসুস্থ মায়ের শয্যাপাশে পড়ে থাকলেও জনগণের ভালোবাসা উপেক্ষা করতে না পেরেই তিনি উপস্থিত হয়েছেন।
এর আগে বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা। বুধবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ড্রিমলাইনার বিজি-২০২ যোগে তিনি দেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।



মন্তব্য করুন