কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকে এই আগুন লাগে। অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর সম্পূর্ণ পুড়ে গেলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

রাত ১০টার দিকে বি-ব্লকের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়লে ক্যাম্পজুড়ে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা এবং রোহিঙ্গা শিবিরের ইমার্জেন্সি ফায়ার রেসপন্স ইউনিট দ্রুত উদ্ধারকাজ শুরু করে। পরে উখিয়া ফায়ার সার্ভিসের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বি-ব্লকের বাসিন্দা আমানউল্লাহ জানান, হঠাৎ আগুন দেখে তিনি তার পরিবার নিয়ে ঘর থেকে বের হয়ে আসেন। আগুনের তীব্রতা দেখে মনে হয়েছিল পুরো ব্লক ক্ষতিগ্রস্ত হবে, তবে সময়মতো ফায়ার সার্ভিস আসায় রক্ষা পাওয়া গেছে।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানিয়েছেন, আগুন পুরোপুরি নেভাতে তাদের প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে শৃঙ্খলা রক্ষায় পুলিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছর ২৪ ডিসেম্বর কুতুপালংয়ের ১ ডব্লিউ ক্যাম্পে বড় ধরনের অগ্নিকাণ্ডে সহস্রাধিক ঘর পুড়ে গিয়েছিল এবং একজনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার এক বছর পূর্ণ হতে না হতেই আবার অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে।