চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার কবলে পড়ে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার হরিণাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত ১২ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নৌ পুলিশ ঢাকা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এখন পর্যন্ত একজন নারী ও তিনজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলমান থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ এবং ভোলা থেকে ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চ দুটির মধ্যে এই সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় নৌযান দুটি একে অপরের মুখোমুখি চলে আসে। সংঘর্ষে জাকির সম্রাট-৩ লঞ্চটির একাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি বরিশালের দিকে চলে যায়, যা পরে ঝালকাঠিতে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঝালকাঠির অতিরিক্ত সহকারী পুলিশ সুপার বাইজিদ ইবনে আকবর।
দুর্ঘটনার পর জাকির সম্রাট-৩ লঞ্চটি চাঁদপুর ঘাটে ভেড়ানোর চেষ্টা করলে উত্তেজিত যাত্রীরা বিক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে তারা লঞ্চে আগুন দেওয়ার হুমকি দিলে মাস্টার তড়িঘড়ি করে আহতদের নিয়ে ঢাকার দিকে রওনা হন। চাঁদপুর নদী বন্দরের উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় দুর্ঘটনার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বর্তমানে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।



মন্তব্য করুন