পটুয়াখালীর দুমকি উপজেলায় যাত্রীবাহী অটোরিকশা ও সিমেন্টবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে লেবুখালী-বাউফল মহাসড়কের রাজাখালী এলাকার পিছাখালী ব্রিজের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাউফল উপজেলার বাসিন্দা রবিউল (৬) এবং ইব্রাহিম খান (৬০)। প্রত্যক্ষদর্শীরা জানান, বগা থেকে ছেড়ে আসা অটোরিকশাটি ব্রিজের ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই টমটম সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই শিশু রবিউলের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ইব্রাহিম খানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অন্য দুই ব্যক্তি—নিহত শিশুর বাবা আব্দুল কাদের (৫০) এবং সুমন সরদারকে (২৫) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য করুন