রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) ও বিমানবন্দর সড়ক এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে বিএনপি। গতকালের বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানের ফলে সৃষ্ট বর্জ্য অপসারণ এবং সমাবেশের চাপে ক্ষতিগ্রস্ত গাছগুলো পুনরায় লাগানোর উদ্যোগ নিয়েছে দলটি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। কার্যক্রম তদারকি করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হক। তিনি জানান, জনস্বার্থ ও পরিবেশের কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে আমিনুল হক বলেন, প্রায় ৩৫০ জন পেশাদার শ্রমিকের পাশাপাশি আমাদের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছেন। আজ সারাদিন এই বর্জ্য অপসারণ চলবে। যদি কাজ শেষ না হয়, তবে আগামীকালও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। এছাড়া যেসব জায়গায় গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে নতুন করে চারা রোপণ করা হবে।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় ১৮ বছর পর প্রবাস জীবন শেষে গতকাল দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত দীর্ঘ সাড়ে ছয় কিলোমিটার পথে লাখো মানুষের ঢল নামে। বিপুল জনসমাগমের ফলে এক্সপ্রেসওয়ে এলাকায় খাবারের প্যাকেট, পানির বোতলসহ প্রচুর বর্জ্য জমে গিয়েছিল, যা এখন দ্রুত অপসারণ করা হচ্ছে।