নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ধর্মগঞ্জ এলাকায় এ দুর্ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ পুলিশের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

নিখোঁজ শ্রমিকরা হলেন পটুয়াখালীর জহুরুল ইসলাম (২৫) ও ঝালকাঠির রাজাপুরের বাসিন্দা হাসান (২০)।

নৌ পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, এম বি কাশফা স্নেহা নামের বাল্কহেডটি ধর্মগঞ্জ এলাকায় নদীর তীরে নোঙর করা ছিল। ভোরে ঢাকা অভিমুখী সুন্দরবন-১৬ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে বাল্কহেডটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি দ্রুত নদীতে তলিয়ে যায়।

দুর্ঘটনার সময় বাল্কহেডে পাঁচজন শ্রমিক অবস্থান করছিলেন। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জহুরুল ও হাসান নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে সংশ্লিষ্ট বাহিনীগুলো।

নারায়ণগঞ্জ নৌ পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন জানান, প্রাথমিক পর্যবেক্ষণে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘাতক লঞ্চ সুন্দরবন-১৬ আটক করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।