গত ৩ ডিসেম্বর সোমবার ছিল ২৭তম “আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস” ও ২০তম “জাতীয় প্রতিবন্ধী দিবস”। দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছিল “সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন”।
ন্যাশনাল সোসাইটি অব দি ব্লাইন্ড এন্ড পারশ্যালী সাইটেড (এনএসবিপি), বাংলাদেশ সংস্থাটির ফুলবাড়ী গেটস্থ ফাউন্ডেশন অফিস প্রাঙ্গণে ৬০০ জন বিভিন্ন বয়সের প্রতিবন্ধী ব্যক্তিদের সমন্বয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও দৃষ্টিহীনদের নেতৃত্বদান প্রশিক্ষণ, আলোচনা সভা, সাদাছড়ি, শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ, হুইল চেয়ার, ক্রাচ ইত্যাদি বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক তাঁর বক্তৃতায় বলেছেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে প্রতিবন্ধীদের মেধা ও সৃজনশীলতা কাজে লাগাতে হবে। উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ পেলে প্রতিবন্ধীরা দক্ষতা ও পারদর্শীতার মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তিনি বলেন, বর্তমান সরকার টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে ব্যক্তিবিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়নসহ প্রতিবন্ধীদের জন্য বৃহৎ পরিসরে কাজ করে যাচ্ছে। সামাজিক সুরক্ষা ও কর্মসূচীর আওতায় অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা, শিক্ষা উপবৃত্তি প্রদান এবং সেবা ও সাহায্য কেন্দ্র প্রতিষ্ঠা প্রতিবন্ধী ব্যক্তিদের মানসিক উন্নয়ন ও সমৃদ্ধ জীবন গঠনের পথকে সুগম করেছে তিনি উল্লেখ করেন।
এসময় প্রধান অতিথি দৃষ্টিহীন এবং অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিভিন্ন উপকরণ তুলে দেন।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, প্যানেল চেয়ারম্যান-১, জেলা পরিষদ, খুলনা।
আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খান মোঃ রওশন আলী, সভাপতি, নিবিড় আবাসিক সোসাইটি।
এছাড়াও বক্তব্য রাখেন, আবু ফয়সাল চৌধুরী ও দৃষ্টিহীন শহিদুল ইসলাম দোলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন মাইন উদ্দিন চৌধুরী, প্রেসিডেন্ট, জাতীয় দৃষ্টিহীন ও দৃষ্টিপ্রতিবন্ধি সংস্থা (এনএসবিপি), বাংলাদেশ।