১০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ উপলক্ষে শরীয়তপুর-১, শরীয়তপুর-২ ও শরীয়তপুর-৩ আসনের প্রার্থীগণকে প্রতীক প্রদান করা হয়েছে। শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার কাজী আবু তাহের প্রর্থী ও প্রার্থীর সমর্থকদের উপস্থিতিতে দলীয় প্রতীক সহ স্বতন্ত্র প্রার্থীর প্রতীক বরাদ্দ দিয়েছেন। প্রতীক পেয়ে প্রার্থীদের সমর্থকগণ নিজ নিজ নির্বাচনী এলাকায় মিছিল বের করেছেন।
গতকাল বিকালে পালং-জাজিরা নির্বাচনী শরীয়তপুর-১ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইকবাল হোসেন অপুর পক্ষে নৌকা প্রতীকের মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব প্রদান করেন, শরীয়তপুর পৌর প্যানেল মেয়র-১ বাচ্চু বেপারী, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তাইজুল সরকার।
পিক-আপ ভ্যানে মাইকসহ বাদক দল ও হিজরাদের নৃত্যের তালে নৌকা নৌকা ধ্বণি সম্বলিত মিছিল পালং বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আওয়ামীলীগ দলীয় নেতাকর্মী সহ সকল শ্রেণী পেশার মানুষ মিছিলে অংশগ্রহন করেন।
শরীয়তপুর-১ আসনের নৌকার প্রার্থী ইকবাল হোসেন অপুর পক্ষে জেলা রিটার্নিং অফিসার কাজী আবু তাহের এর কাছ থেকে নৌকা প্রতীক গ্রহন করেছেন শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, শরীয়তপুর জজ কোর্টের জিপি আলমগীর মুন্সী, এডভোকেট জাহাঙ্গীর হোসেন প্রমূখ।