শরীয়তপুরের দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের এরশাদ বেপারীর কান্দি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় একটি গরু, প্রায় ২ ভরি স্বর্ণ, ৫০ মন চাল ও নগদ অর্থসহ বিপুল পরিমাণ সম্পদ আগুনে ভস্মীভূত হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো— মান্নান ভূইয়া (৬২) ও মাসুদ ঢালী (৪০)। আগুনে তাদের বসতঘর, রান্নাঘরসহ প্রয়োজনীয় আসবাবপত্র ও খাদ্যসামগ্রী পুড়ে যাওয়ায় দুই পরিবার মানবেতর জীবনযাপন করছেন।
ক্ষতিগ্রস্ত মাসুদ ঢালীর স্ত্রী জানান, ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। হঠাৎ আগুনের শিখা দেখতে পেয়ে দ্রুত বাড়িতে এসে দেখেন তাদের দুই পরিবারের একই রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অল্প সময়ের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং একে একে সব ঘর পুড়ে যায়।
স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও আগুনের তীব্রতায় তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়। পরে আগুন নিয়ন্ত্রণে এলে দেখা যায়, ঘরের ভেতরে থাকা চাল, স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে এবং তারা সরকারি ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন