মাদকবিরোধী অভিযানে মন্ত্রী ইশরাক হোসেনের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
শনিবার (১৭ অক্টোবর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এ কথা বলেন। একই সঙ্গে অভিযানের সময় লাইসেন্সপ্রাপ্ত পিস্তল বের করা নিয়ে সমালোচনাকে স্বাগত জানিয়েছেন তিনি।
রাশেদ খাঁন লেখেন, ‘আজকে মাদকবিরোধী অভিযানে তার জোরালো অবস্থান অবশ্যই প্রশংসনীয়।’ তিনি বলেন, আত্মরক্ষার জন্য লাইসেন্সপ্রাপ্ত পিস্তল বের করা নিয়ে অনেকে সমালোচনা করছেন।
রাশেদ খাঁন আশা প্রকাশ করেন, ইশরাক হোসেন এই সমালোচনাকে সাধুবাদ জানাবেন এবং ভবিষ্যতের জন্য নিজেকে আরও সতর্ক করবেন।
পোস্টে তিনি আরও বলেন, মাদকসেবীরা জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের চেনে না এবং অনেক সময় মাদকের ঘোরে অঘটন ঘটাতে পারে। এ প্রসঙ্গে তিনি গাজীপুরে মাদক কারবারিদের হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনার কথাও উল্লেখ করেন।
রাশেদ খাঁনের ভাষ্য, ইশরাক হোসেন পুলিশকে খবর দিয়ে মাদকসেবীদের পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছেন এবং তারা যেন পালিয়ে যেতে না পারে, সে জন্য তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলেছেন। তবে জনপ্রতিনিধি হিসেবে ভবিষ্যতে আরও সতর্ক থেকে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
—



মন্তব্য করুন