ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এমআরটি লাইন-৫-এর ডিপোতে সিভিল ও ভবন নির্মাণকাজ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

প্রাক-চুক্তি আলোচনার ভিত্তিতে নেওয়া এ সিদ্ধান্তের গৃহীত চুক্তিমূল্য মোট ১ হাজার ৫৭৮ কোটি ৭০ লাখ টাকা। এর মধ্যে ৫৩৪ কোটি ৩০ লাখ টাকা, ৪৬ কোটি জাপানি ইয়েন এবং ৮ কোটি ২৪ লাখ ৯৩ হাজার মার্কিন ডলার রয়েছে।

প্রকল্প পরিচালক আব্দুল মতিন চৌধুরী গত ৮ অক্টোবর এ বিষয়ে সম্মতিপত্র জারি করেন। চুক্তির শর্ত অনুযায়ী সংশ্লিষ্ট পক্ষকে ২৮ দিনের মধ্যে কার্যসম্পাদন জামানত জমা দিতে বলা হয়েছে।

এ ছাড়া বিল অব কোয়ান্টিটিজের ইউনিট মূল্যের বিস্তারিত তথ্য দিতে অনুরোধ করেছে ডিএমটিসিএল। প্রাক-চুক্তি আলোচনার কার্যবিবরণীতে নির্ধারিত সময় ও পদ্ধতি অনুসারে তা জমা দিতে হবে।

বাংলাদেশে এ কাজের ওপর আরোপিত মূল্য সংযোজন কর ও উৎসে আয়কর গৃহীত চুক্তিমূল্যের অন্তর্ভুক্ত হবে না।

—